সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) স্মরণে বালাকোট সম্মেলনে পীর মাশায়েখবৃন্দ:
সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) আমাদের ঈমানী চেতনার বাতিঘর
আযাদী আন্দোলনের অকুতোভয় সিপাহসালার, ঈমানী চেতনার প্রাণপুরুষ, আমীরুল মু’মিনীন, ইমামুত তরীকত, শহীদে বালাকোট হযরত সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে তাঁর স্মরণে শুক্রবার (১৫ই মে, ২০২৬) রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে| বালাকোট-চেতনা উজ্জীবন পরিষদের সদস্য সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তারা বলেন, উপমহাদেশে ইসলামের প্রকৃত আকীদা-আদর্শ প্রতিষ্ঠার ইতিহাসে যেসকল মহামনীষী অনন্য অবদান রেখেছেন তাদের অন্যতম সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.)| তিনি শরীয়াত ও তরীকতের অপূর্ব সমন্বয়ের মাধ্যমে উপমহাদেশের মানুষের মধ্যে যে দ্বীনি জাগরণ সৃষ্টি করেছিলেন নিকট অতীতে তার তুলনা বিরল| তিনি মানুষের তাযকিয়ায়ে নাফস তথা আত্মার পরিশুদ্ধির পাশাপাশি তাদেরকে জিহাদী জযবায় উদ্ধুদ্ধ করেছিলেন| তাই, তিনি এই উপমহাদেশের মুসলমানদের প্রেরণার উৎস| তিনি আমাদের ঈমানী চেতনার বাতিঘর| তার ঈমানী চেতনা, তাযকিয়া-তাসাউফ ও দ্বীনী আদর্শকে ধারণ করে ইসলামের প্রকৃত শিক্ষা প্রচার-প্রসারে আমাদের কাজ করতে হবে|



