সিলেটের ফেঞ্চুগঞ্জে সড়কের জমি দখল ও চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় আব্দুল্লা আল নোমান নামে এক প্রবাসী সাংবাদিকের বাড়ীতে সন্ত্রাসী হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা। হামলার ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ওই পরিবারটি।
শুক্রবার (১০ জুলাই ) রাতে উপজেলার সদর ইউনিয়নের নিজ ছত্তিশ গ্রামে এ সাংবাদিক আব্দুল্লা আল নোমানের বাড়ীতে এ হামলার ঘটনা ঘটে।
যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আব্দুল্লা আল নোমান ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সদস্য এবং জালালাবাদ প্রতিদিন ও সুরমা নিউজ টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত আছেন।
হামলাকারীরা হলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত হোসেন রুহেল, সাংগঠনিক সম্পাদক এমরান উদ্দিন, যুবদল নেতা নুরুল ইসলাম নাহিদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান রাফি,উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ছুটন, যুবদল নেতা রিকন আহমদ চৌধুরী তুহিন, ফখরুল ইসলাম নিশাত, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব শাহিন আহমেদ, যুগ্ম আহবায়ক বদরুল ইসলাম খান।
জানা গেছে, গত ৪ জুন ” ফেঞ্চুগঞ্জে সড়ক দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছেন বিএনপি নেতা” ও গত ৭ জুলাই “ফেঞ্চুগঞ্জে বিএনপির নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ” শিরোনামে দুটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয় সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জালালাবাদ প্রতিদিনে। প্রতিবেদন প্রকাশের পর সংবাদটি মুহূর্তে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এরপর থেকেই ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত হোসেন রুহেল ও সাংগঠনিক সম্পাদক এমরান উদ্দিনের নেতৃত্বে প্রবাসী সাংবাদিক আব্দুল্লা আল নোমানের বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি দেয় হয়। তারই জের ধরে পরবর্তীতে গত শুক্রবার (১০ জুলাই ) সাংবাদিক আব্দুল্লা আল নোমানের বাড়ীতে হামলা ও ভাংচুর করা হয়। এদিকে হামলার বিষয়টি আঁচ করতে পেরে প্রবাসীর পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেন। এ কারণে তারা হামলা থেকে বেঁচে যান।
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন ইসকা বলেন, সড়ক দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় যদি সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা করা হয়। তাহলে তো সাংবাদিকতা করাই মুশকিল হয়ে যাবে এবং এদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা না হলে এরা দিনদিন আরও বেপরোয়া হয়ে যাবে।
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, প্রবাসী সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।



