রঙ মিশিয়ে গুঁড়া মরিচ তৈরি ও ভালো কাঁচা মরিচের সঙ্গে পঁচা মরিচ মিশিয়ে গুঁড়া মরিচ তৈরি করে দীর্ঘদিন ধরে বাজারজাত করে আসছিল এক অসাধু ব্যবসায়ী। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পানিধার এলাকায় এরকম এক কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানার মালিক আশিকুজ্জামানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৩০ অক্টোবর) দুপুরে পৌর শহরের পানিধার এলাকার কারখানাটিতে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। এ অভিযানে সহযোগিতা করেছে বড়লেখা থানা পুলিশ।
আদালত সূত্রে জানা যায়, বড়লেখা পৌরসভার পানিধার এলাকায় বিএসটিআইয়ের অনুমোদন নিয়ে মেসার্স ইশাবা ট্রেডিং কর্পোরেশন নামে একটি কারখানায় দীর্ঘদিন থেকেই ভালো মরিচের সাথে পঁচা মরিচ ও রঙ মিশিয়ে গুঁড়া মরিচ তৈরি করছিল। এমন তথ্য পেয়ে রোববার দুপুরে ওই কারখানায় অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। এসময় সেখান থেকে প্রায় ২টন পচা মরিচ জব্দ করা হয়।পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর (৪৩) ধারায় কারখানার মালিক আশিকুজ্জামানকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া জব্দ করা ২টন ভেজাল মরিচ ফায়ার সার্ভিসের সহায়তায় ধ্বংস করা হয়েছে এবং কারখানাটির লাইসেন্স বাতিলের জন্য বিএসটিআইয়ের কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।



